ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আফগান ক্রিকেটারদের নিজস্ব অর্থে বিশ্বকাপ খেলার তথ্যটি গুজব

সম্প্রতি কট্টর ইসলামিক সংগঠন তালেবানের স্পন্সর না পাওয়ায় আফগান ক্রিকেটার মোহাম্মদ নাবীর টাকায় বিশ্বকাপ খেলতে গেছে আফগানিস্তান দল। সম্প্রতি এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশি-বিদেশি বিভিন্ন মিডিয়েতে প্রকাশিত হয়েছে।


গণমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়- আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং সরকার থেকে কোনো রকমের আর্থিক সহায়তা না পাওয়ায় খেলোয়াড় নাবী, রশিদ খানসহ সকল ক্রিকেটারদের নিজস্ব আর্থিক পৃষ্ঠপোষকতায় বিশ্বকাপ খেলছে আফগানিস্তান ক্রিকেট দল।


ফ্যাক্টচেক


কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গত ১৪ অক্টোবরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেজ এবং টুইটার একাউন্টে দেশটির ক্রিকেট দলের স্পন্সরশীপ সম্পর্কিত একটি তথ্য খুঁজে পাওয়া যায়। যেখানে আফগানিস্তান ক্রিকেট বোর্ড টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর জন্য সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের বিডে সেডিকি গ্রুপকে তাদের অফিসিয়াল স্পন্সর হিসেবে ঘোষণা করে।


পরবর্তীকালে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গেল ২৭ সেপ্টেম্বরে প্রকাশিত বিজ্ঞাপনে টেন্ডার বিজ্ঞপ্তিটি খুঁজে পাওয়া যায়। এমনকি তাদের ওয়েবসাইটে স্পন্সরদের তালিকায় এবং আফগানিস্তানের জার্সিতে সেডিকি গ্রুপের লোগোও দেখা গেছে।


অপর দিকে টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ অংশগ্রহণকারী প্রতিটি দলে মোট ১৫ জন ক্রিকেটার ও আটজন অফিসিয়াল রাখার অনুমতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর সেই আইসিসিই এই ২৩ জনের যাবতীয় খরচ বহন করবে।


এই সময়ের মধ্যে আফগান ক্রিকেটার মোহাম্মদ নাবী, রশিদ খানসহ অন্যান্য ক্রিকেটারদের নিজস্ব অর্থায়নে বিশ্বকাপে অংশগ্রহণ সংক্রান্ত নির্ভরযোগ্য কোনো খবর আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশিত হয়নি।


উল্লেখ্য, আফগানিস্তান ক্রিকেট দলকে তালেবান নেতৃত্বাধীন সরকার স্পন্সর করেছে কি-না বা স্পন্সর করতে নাকচ করেছে কি-না এ সংক্রান্ত কোনো তথ্য ইন্টারনেটে খুঁজে পায়নি রিউমর স্ক্যানার টিম। যদিও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদ্য সাবেক সিইও হামিদ শেনেওয়ারি কিছুদিন আগে ভারতের এক মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছিলেন।


সেখানে তিনি জানান, আফগানিস্তান ক্রিকেটে তালিবান নেতাদের ধারাবাহিক সাপোর্ট অব্যাহত থাকবে। দেশের তারকা ক্রিকেটারদের চিন্তার কোনো কারণই নেই।


এ দিকে বিশ্বকাপে আফগানদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর তালিবান সরকারের কয়েকজন অফিসিয়ালের কাছ থেকেও শুভেচ্ছা বার্তা পায় আফগানিস্তান ক্রিকেট দল।


প্রসঙ্গত, যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্তের পর গেল আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই আফগান ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে শুরু করে তালিবান যোদ্ধারা। এরপর প্রেসিডেন্ট আশরাফ ঘানি আফগানিস্তান ত্যাগের মাধ্যমে কোনো রকম বাধা ছাড়াই পুরোপুরিভাবে আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালিবান নেতারা। সেখানে পুরুষদের খেলাধুলা নিয়ে তালিবান সরকারের কোনো আপত্তি না থাকলেও নারীদের খেলাধুলার ইস্যুটি এখনো ধোঁয়াশায় রয়ে গেছে।


অর্থাৎ, তালিবান থেকে স্পন্সর না পাওয়ায় আফগান ক্রিকেটারদের নিজ অর্থায়নে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করছেন বিশ্লেষকরা।


সূত্র : রিউমর স্ক্যানার

ads
ads
ads

Our Facebook Page

↑